ফেনী জেনারেল হাসপাতালে স্থানীয় একাধিক সংসদ সদস্যকে (এমপি) নিয়ে অশোভন মন্তব্য ও উত্তেজিত ভঙ্গিতে কথা বলার অভিযোগে চারজন সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে।
নোটিশপ্রাপ্ত নার্সরা হলেন—জাহানারা আক্তার কাজল, লক্ষ্মী রানী দে, মিতালী রানী ও কণিকা রানী ভৌমিক। তাদের আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ফেনী জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত সোমবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় হাসপাতালের বিভিন্ন প্রশাসনিক অনিয়ম দূর করা এবং অতিরিক্ত রোগীর চাপ সামলাতে করণীয় পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।
উক্ত সভায় পরিবেশমন্ত্রী ছাড়াও ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু এবং স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মতবিনিময় সভা শেষ হওয়ার পর কয়েকজন সিনিয়র স্টাফ নার্স সম্মেলনকক্ষে ঢুকে সংসদ সদস্যদের প্রদান করা বক্তব্যের তীব্র সমালোচনা ও অসন্তোষ প্রকাশ করতে থাকেন। এ সময় তারা নিজেদের নানা পেশাগত সমস্যা ও তীব্র লোকবল সংকটের বিষয় তুলে ধরে উত্তেজিত আচরণ করেন। উপস্থিত স্থানীয় কয়েকজন সাংবাদিক এ সময় উত্তেজিত নার্সদের কথা বলার ভিডিও দৃশ্য ধারণ ও প্রচার করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল বলেন, সম্মেলনকক্ষে প্রবেশ করে সংসদ সদস্যদের বক্তব্যের সমালোচনা ও উত্তেজিত স্বরে কথা বলার যে ঘটনাটি ঘটেছে, তা অত্যন্ত দৃষ্টিকটু ও শিষ্টাচারবহির্ভূত। কোনো দাবি বা বক্তব্য থাকলে তারা প্রশাসনিক নিয়ম মেনে কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাতে পারতেন।
তিনি আরো জানান, এমন অনাকাঙ্ক্ষিত ও অশোভন আচরণের কারণে অভিযুক্ত চার নার্সকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তাদের লিখিত জবাব দিতে বলা হয়েছে এবং জবাব সন্তোষজনক না হলে তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

