দেশে ফিরল বিমানে মারা যাওয়া প্রবাসীর লাশ

দেশে ফিরল বিমানে মারা যাওয়া প্রবাসীর লাশ
নিহত প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিন। ছবি: আমার দেশ

চট্টগ্রামের বাঁশখালীর প্রবাসী মোহাম্মদ জসিম উদ্দিনের (৩৫) লাশ সাত দিন পর দেশে পৌঁছেছে বৃহস্পতিবার।

বৃহস্পতিবার সকাল ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার লাশ। পরে অ্যাম্বুলেন্সে করে সকাল সাড়ে ৯টার দিকে লাশ তার গ্রামের বাড়ি চাম্বলে নেওয়া হয়।

বিজ্ঞাপন

দীর্ঘ অপেক্ষার পর স্বজনেরা জসিমের লাশ ফিরে পাওয়ায় পরিবার ও এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

নিহত জসিম উদ্দিন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ছড়ারকুল এলাকার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই এলাকার মোহাম্মদ ছৈয়্যদ মিয়া ও মাবিয়া খাতুনের ছেলে। জীবিকার তাগিদে প্রায় ১২ বছর ধরে মোজাম্বিকে বসবাস করছিলেন তিনি।

৯ অক্টোবর শুক্রবার মোজাম্বিকের মাপুতো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশে যাত্রা করেন জসিম। কাতারের দোহাগামী ওই ফ্লাইটে মাঝ আকাশে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। পরে তার লাশ কাতারের হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়।

নিহত জসিমের বড় ভাই মো. ইউনুস জানান, কাতারে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার পর বুধবার রাত ১০টা ৪৫ মিনিটে কার্গো ফ্লাইটে তার লাশ চট্টগ্রামের উদ্দেশে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ মা-বাবা, ভাই-বোন ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন