উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের প্রবেশমুখে সড়ক অবরোধ করে চাকরিচ্যুত শিক্ষকদের বিক্ষোভ কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে নারীসহ তিনজন আহত হয়েছেন। এ সময় ছাত্র প্রতিনিধি জুলাইযোদ্ধা জিনিয়া শারমিনসহ ২০ জনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার সকালে উপজেলা সদর, কোটবাজার, কুতুপালং ও হাসপাতাল গেইট এলাকা থেকে তাদের হেফাজতে নেয় পুলিশ।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বিভিন্ন এনজিও থেকে চাকরিচ্যুত শিক্ষকরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শান্তিপূর্ণভাবে সড়কের একপাশে অবস্থান কর্মসূচি পালন করছিলেন। এসময় রাস্তায় যানজট সৃষ্টি হলে এনজিও কর্মীদের গাড়ি আটকে পড়ে। খবর পেয়ে পুলিশ এসে লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে দেখতে গেলে ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিনসহ অন্তত ২০ জনকে সেখান থেকেও আটক করা হয় বলে জানান আন্দোলনকারীরা।

এক নারী আন্দোলনকারী বলেন, যাদের হেফাজতে নেওয়া হয়েছে অবিলম্বে তাদের মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

এরআগে সোমবারও সারাদিন সড়ক অবরোধ করেন চাকরিচ্যুত শিক্ষকরা। মঙ্গলবার আন্দোলন স্থগিত থাকলেও বুধবার আবার ক্যাম্প এলাকার প্রবেশমুখে এনজিও সংস্থার যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

শিক্ষক ও ছাত্রপ্রতিনিধিসহ ২০ জনকে পুলিশ হেফাজতে কথা নিশ্চিত করে আন্দোলনের সমন্বয়ক জাহেদুল ইসলাম জাহেদ বলেন, সকাল থেকে বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। হঠাৎ করে পুলিশ লাঠিচার্জ করে এবং শিক্ষকদের হেফাজতে নিয়ে যায়। গুরুতর আহত নারী শিক্ষকদের হাসপাতালে নিলে সেখান থেকেও শিক্ষক ও ছাত্র প্রতিনিধিসহ প্রধান সমন্বয়ককে হেফাজতে নেওয়া হয়। এখন পর্যন্ত ২০ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং অন্তত ৩ জন আহত হয়েছেন। হেফাজতের সংখ্যা আরও বাড়তে পারে। আমরা অনেকজনকে খুঁজে পাচ্ছি না। তারাও হেফাজতে থাকতে পারে।

এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেনকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

প্রসঙ্গত, ইউনিসেফের অর্থায়নে পরিচালিত রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত প্রায় ১,২৫০ জন শিক্ষক চাকরিচ্যুত হওয়ার পর গত তিন মাস ধরে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন