লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক

লক্ষ্মীপুরে ৫ ঘণ্টার সাঁড়াশি অভিযানে ২৪৪ কিশোর গ্যাং সদস্য আটক
ফাইল ছবি

লক্ষ্মীপুর জেলাজুড়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করেছে জেলা পুলিশ। রোববার সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা ৫ ঘণ্টার অভিযানে জেলার ছয়টি থানা এলাকা থেকে সর্বমোট ২৪৪ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্র জানায়, অভিযানে সদর থানায় ৪২ জন, চন্দ্রগঞ্জ থানায় ২১ জন, রায়পুর থানায় ৪৪ জন, রামগঞ্জ থানায় ৩৭ জন, রামগতি থানায় ৪৪ জন এবং কমলনগর থানায় ৫৬ জনকে আটক করা হয়। আটককৃতদের অপরাধে সম্পৃক্ততা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

২৪ ৪ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী।

তিনি জানান, পুলিশ সুপার মো. আবু তারেকের সরাসরি নির্দেশে লক্ষ্মীপুরের ৬টি থানায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে থানা পুলিশ ও ডিবি পুলিশ একযোগে এই অভিযান পরিচালনা করে। যে সমস্ত স্পটে উঠতি বয়সী বখাটেদের উৎপাত বেশি, সেসব স্থানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে উপস্থিত থেকে অভিযানে নেতৃত্ব দেন।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, উঠতি বয়সী কিশোররা যাতে কোনোভাবেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। লক্ষ্মীপুরে কিশোর অপরাধ নির্মূল করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন