কক্সবাজারের মহেশখালীতে চোর সন্দেহে মো. ফয়সাল (২৮) নামের এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বড় মহেশখালীর পূর্ব ফকিরাঘোনা এলাকায় এঘটনা ঘটে।
নিহত ফয়সাল বড় মহেশখালী মধ্যম ফকিরাঘোনা এলাকার মোহাম্মদ বাদশার ছেলে। ফয়সাল পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে চোর সন্দেহে ফয়সালকে আটকের পর থেকেই একটি খুঁটির সঙ্গে বেঁধে তাঁর ওপর বর্বর কায়দায় নির্যাতন চালানো হয়। মঙ্গলবার সকালেও তাঁকে কয়েক দফা পেটানো হয়। পরে তার মৃত্যু হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় একদল লোককে তাঁকে বেধড়ক পেটাচ্ছে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফয়সালকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে মহেশখালী থানা-পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সুলতান জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

