চট্টগ্রামের মিরসরাইয়ে পিকআপের ধাক্কায় রীনা রানী ভৌমিক নামে এক শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৫৩ বছর বয়সী রীনা মিরসরাইয়ের খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ওয়াহেদপুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামের আজিত চন্দ্র নাথের স্ত্রী।
আহতরা হলেন- জোরারগঞ্জ থানা গোবিন্দপুর এলাকার শ্যামল নাথের ছেলে অরুপ নাথ। তিনি নিজামপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন স্বপন নাথ পেশায় রাজমিস্ত্রি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মিনার হোসেন বলেন, বিদ্যালয় বন্ধ থাকলেও রমজান মাসে শিক্ষার্থীদের বিশেষ ক্লাস নেয়া হচ্ছিল। ক্লাস শেষে বাড়ি যেতে বড়তাকিয়া মাজার গেটে গাড়ির জন্য সড়কের পাশে অপেক্ষা করেন তারা। এ সময় তাদের ধাক্কা দেয় দ্রুতগামী একটি পিকআপ। এতে ঘটনাস্থলেই রীনা মারা যান।
আহত স্বপনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পিকআপচালককে আটক করা হয়েছে বলেও জানান সার্জেন্ট মিনার।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

