মাদক পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে: চট্টগ্রামের পুলিশ সুপার

মাদক পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে: চট্টগ্রামের পুলিশ সুপার
চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম

চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম) বলেছেন, মাদক শুধু একজন মানুষকে বিপথগামী করে না, একটি পুরো পরিবারকে ধ্বংস করে দিতে পারে। মাদক কারবারি, সিন্ডিকেট ও তাদের মদতদাতারা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড হাই স্কুল মাঠে ‘মাদকমুক্ত সমাজ, আমাদের অঙ্গীকার’ শীর্ষক স্লোগানে আয়োজিত এক বিশাল মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সীতাকুণ্ড মডেল থানার পুলিশ ও বাড়বকুণ্ড ইউনিয়ন কমিউনিটি পুলিশিং যৌথভাবে এ সমাবেশের আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার আরো বলেন, মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রভাবশালী হলেও কাউকে ছাড় দেওয়া হবে না। তবে কেবল পুলিশি অভিযান চালিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়; পরিবার ও সমাজকে সম্পৃক্ত করে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে।

অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং তার আচরণে কোনো অস্বাভাবিক পরিবর্তন দেখা যাচ্ছে কি না—এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর ও নজর রাখতে হবে। পাড়া-মহল্লায় মাদক বিক্রি বা সেবনের তথ্য পাওয়া গেলে তা গোপন না করে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেন তিনি।

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, মাদকের ভয়াবহ ধ্বংসাত্মক প্রভাব ব্যক্তির গণ্ডি ছাড়িয়ে পুরো পরিবার ও সমাজব্যবস্থায় ছড়িয়ে পড়ে। তাই পাড়া-মহল্লায় সামাজিক নজরদারি বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও নানামুখী সামাজিক উদ্যোগে সম্পৃক্ত করতে হবে। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকেও এই সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয় করার ওপর জোর দেন তারা।

বাড়বকুণ্ড ইউনিয়ন কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি জহুরুল আলম জহুরের সভাপতিত্বে ও আওরঙ্গজেব মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল (পিপিএম), সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালামত উল্লাহ ও সদস্য সচিব মো. মোরসালিন, সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বখতিয়ার উদ্দিন এবং শাহাবুদ্দিন রাজু।

সমাবেশে শিক্ষক-শিক্ষার্থী, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মাদক প্রতিরোধে পুলিশের অভিযানের পাশাপাশি পরিবার ও সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন