চৌদ্দগ্রামে ৫০ লাখ টাকার ‘ফরওয়ার্ড ইট’ কিনে প্রতারিত ব্যবসায়ী

চৌদ্দগ্রামে ৫০ লাখ টাকার ‘ফরওয়ার্ড ইট’ কিনে প্রতারিত ব্যবসায়ী

কুমিল্লার চৌদ্দগ্রামে যুবলীগ নেতার মালিকানাধীন ‘কোয়ালিটি ব্রিকস’ ইটভাটা থেকে বেশি লাভের আশায় ৫০ লাখ টাকার ‘ফরওয়ার্ড ইট’ কিনে প্রতারিত হয়েছেন আবদুর রাজ্জাক নামের এক ব্যবসায়ী। ৪ বছরেও লভ্যাংশসহ মূল টাকা ফেরত দিচ্ছে না কালিকাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও বাঙ্গালমুড়ি গ্রামের আবদুল লতিফের ছেলে মো. আবদুল মালেক। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী আবদুর রাজ্জাক প্রতারক যুবলীগ নেতা আবদুল মালেক ও তার ভাই ভাটার পরিচালক তোফায়েল আহমেদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছিল। আদালতে যুবলীগ নেতা মালেকের বিরুদ্ধে সাজা হওয়ায় বিদেশে পালিয়ে যায় বলে গুঞ্জন রয়েছে।

বিজ্ঞাপন

মামলায় উল্লেখ করা হয়, জগমোহনপুর গ্রামের আবদুর রাজ্জাক মিয়াবাজারস্থ ওহাব মার্কেটের মালিক। কালিকাপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মালেক ও তার ভাই তোফায়েল আহমেদ ওই মার্কেটের ভাড়াটিয়া। আবদুল মালেক শ্রীপুর ইউনিয়নের কোয়ালিটি ব্রিকস নামে ইটভাটার মালিক। ২০২১ সালে ভাটা পরিচালনার জন্য টাকার প্রয়োজন হওয়ায় আবদুর রাজ্জাককে অগ্রিম ‘ফরওয়ার্ড ইট’ কেনার প্রস্তাব দেয় আবদুল মালেক। এরপর তিনশত টাকার স্ট্যাম্পে আবদুর রাজ্জাক প্রতি পিস ইট ৫ টাকা করে ১০ লাখ ইট বাবদ আবদুল মালেককে ৫০ লাখ টাকা দেয়। আবদুল মালেক তার অ্যাকাউন্টের ৫টি চেক ও প্রমাণ হিসেবে ক্যাশমেমো প্রদান করে। প্রতিমাসের ১৫-১৬ তারিখের মধ্যে আবদুর রাজ্জাককে লভ্যাংশ বাবদ ১ লক্ষ ১০ হাজার টাকা দেয়ার কথা ছিলে মালেকের। পরে চুক্তি ভঙ্গ করা ও লভ্যাংশ না দেয়ায় কয়েকবার সালিশ বৈঠক হয়। সালিশকারীরা আবদুল মালেক ওই বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে টাকা ফেরত দিতে বলে। কিন্তু আবদুল মালেক সালিশের সিদ্ধান্ত মানেনি। এর কয়েক মাস পর আবদুর রাজ্জাকের দায়েরকৃত মামলায় গ্রেপ্তার হয় মালেক। পরে আপস করার শর্তে ২০২২ সালের ২০ অক্টোবর জামিনে বের হয়। পরবর্তীতে আবদুল মালেকের টাকা পরিশোধ না করে টালবাহান করতে থাকে। একপর্যায়ে ২০২৩ সালের ২৬ জুলাই কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন যুবলীগ নেতা আবদুল মালেকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার রায় দেয়।

স্থানীয় লোকজন অভিযোগ করেন, প্রভাব খাটিয়ে আবদুল মালেক মানুষের কৃষিজমি থেকে মাটি উত্তোলন করতো। অনেকের কাছ থেকে মাটি কিনলেও নামমাত্র মূল্য পরিশোধ করতো।

এ ব্যাপারে আবদুল মালেক ও তার ভাই তোফায়েল আহমেদের বক্তব্য জানতে মুঠোফোনে বারবার চেষ্টা করেও বন্ধ পাওয়া যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন