আমার দেশে সংবাদ প্রকাশের পর ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি দপ্তর সম্পাদক হেদায়েতুল্লাহ সরদার।
উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক হেদায়েতুল্লাহ সরদার জানান দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্রাহ্মণপাড়া সদর বিএনপির প্রচার সম্পাদক সোনা মিয়া ওরফে ইসমাইলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে
এরআগে, গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক সোনা মিয়ার বসতঘর থেকে ৬০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোনা মিয়া ওরফে ইসমাইল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক। তিনি সদর ইউনিয়নের ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনের নেতৃত্বে এসআই সৈকত মজুমদার, এএসআই সাইফুল আলম সিদ্দিকীসহ পুলিশের একটি চৌকস দল ধান্যদৌল গ্রামের মজিদ মেম্বারের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সোনা মিয়া ওরফে ইসমাইলের বসতঘর তল্লাশি করে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, সে মাদকের ব্যবসার সাথে জড়িত এখন জানা ছিল না । মাদক ব্যবসায়ীদের বিএনপিতে কোনো জায়গা নেই । আজকে দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে ।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

