মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎহীন ২০ হাজার গ্রাহক

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মিরসরাইয়ে কালবৈশাখী ঝড়ে বিদ্যুৎহীন ২০ হাজার গ্রাহক

চট্টগ্রামের মিরসরাইয়ে রোববার দুপুরের পর থেকে হঠাৎ দমকা হাওয়াসহ কালবৈশাখী ঝড় শুরু হয়। এ ঝড়ে বিদ্যুৎহীন হয়ে পড়ে ২০ হাজার গ্রাহক। এরপর থেকেই পুরো এলাকা অন্ধকারে ডুবে যায়, জনজীবনে চরম দুর্ভোগ দেখা দেয়।

বিজ্ঞাপন

পৌর সদরের ফারিয়া হোটেলের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুক বলেন, সকাল থেকে গুটি গুটি বৃষ্টি ছিল। দুপুরে হঠাৎ ঝড়ো বাতাসে বিদ্যুৎ চলে যায়। হোটেল পুরো অন্ধকার হয়ে পড়ে। এখন মোমবাতি জ্বালিয়ে কাস্টমারদের সেবা দিচ্ছি।

গাছবাড়িয়া এলাকার বাসিন্দা নুর হোসেন মামুন বলেন, দুপুরে বিদ্যুৎ চলে যাওয়ার পর এখনো আসেনি। প্রায় ৮ ঘণ্টা হয়ে গেছে। আমার ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে। বিদ্যুৎ অফিসে ফোন দিলে তারা জানায় কাজ চলছে, একটু সময় লাগবে।

বিষুমিয়ারহাট এলাকার বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরেই লোডশেডিং চলছে। আজ তো সারাদিন বিদ্যুৎ নেই। কখন আসবে তাও নিশ্চিত না।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর বারইয়ারহাট অফিসের ডিজিএম হেদায়েত উল্লাহ বলেন, গাছের ডাল ভেঙে লাইনের ওপর পড়েছে, অনেক জায়গায় তার ছিঁড়ে গেছে। এতে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গাছের ডাল পরিষ্কার করে দ্রুত বিদ্যুৎ লাইন চালুর চেষ্টা চলছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন