বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ার আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের ফুল দিয়ে বরণ ও উপহারসামগ্রী দিয়ে সম্মান জানিয়েছে শিক্ষার্থীরা। জাতিসংঘ ঘোষিত দিবসটি সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আলোচনা সভার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও ব্যতিক্রমী আয়োজন করেছে বিদ্যালয়টির শিক্ষার্থীরা।
সোমবার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৮টি শাখায় পৃথকভাবে এ আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে নেয়। পরে শিক্ষকদের হাতে চকলেট, কলম, শুভেচ্ছা কার্ডসহ বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেয় তারা।

প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। ১৯৯৪ সাল থেকে দিবসটি আন্তর্জাতিকভাবে পালিত হয়ে আসছে। শিক্ষকদের অধিকার, মর্যাদা এবং শিক্ষাক্ষেত্রে তাদের অবদানের স্বীকৃতি দিতে দিবসটি পালন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম তোহা, সহকারী প্রধান শিক্ষক পীযূষ কান্তি পাল এবং জ্যেষ্ঠ শিক্ষক আবদুল মোতালেব, মাওলানা মাহবুবুর রহমান, নুরুল আবছার, সরোজিত দাশ, শাহনাজ বেগম, নিজাম উদ্দীন ও শাহজাদী বিলকিস আকতারসহ অন্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক এ টি এম তোহা বলেন, ‘শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান দায়িত্ব। শিক্ষার্থীদের ভালোবাসা ও সম্মান একজন শিক্ষকের জন্য বড় প্রাপ্তি। তাদের এই আয়োজন আমাদের আনন্দিত করেছে। আমরা চাই, শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে গড়ে উঠুক।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

