চট্টগ্রাম নগরীর সড়কগুলোতে ৪৪ শতাংশ যানবাহনই বিআরটিএ নির্ধারিত গতিসীমা মেনে চলে না। যানবাহনের ধরন অনুযায়ী দেখা যায়, ৭০ শতাংশ মোটরসাইকেল চালক গতিসীমা অমান্য করেন। জনস হপকিন্স ইন্টারন্যাশনাল ইনজুরি রিসার্চ ইউনিট (জেএইচআইআইআরইউ) ও সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) উদ্যোগে পরিচালিত জরিপে এ তথ্য তুলে ধরা হয়। জরিপে সহায়তা করে চট্টগ্রাম সিটি করপোরেশন ও ভাইটাল স্ট্র্যাটেজিস।
গতকাল বুধবার চট্টগ্রাম নগরীর এক হোটেলে অনুষ্ঠানের মাধ্যমে ‘রোড সেফটি রিস্ক ফ্যাক্টরস ইন চট্টগ্রাম : স্ট্যাটাস সামারি রিপোর্ট ২০২৪’শীর্ষক এ জরিপটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান প্রকৌশলী আনিসুর রহমান।
জরিপে বলা হয়, সপ্তাহের কর্মদিবসের তুলনায় ছুটির দিনে গতিসীমা লঙ্ঘনের হার বেশি পাওয়া গেছে, যা কর্মদিবসে ৪২ শতাংশ ও ছুটির দিনে ৪৭ শতাংশ। নগরের পাঁচটি ওয়ার্ডের ১৫টি স্থানে সাতবার এ জরিপ চালানো হয়।
এতে বলা হয়, ডিসেম্বর ২০২২ থেকে নভেম্বর ২০২৪ পর্যন্ত বৈশ্বিক মানদণ্ড বিবেচনায় যানবাহনের গতি পর্যবেক্ষণে দেখা গেছে, নগরীর সড়কগুলোতে ৩৪ শতাংশ যানবাহনই নির্ধারিত গতিসীমা লঙ্ঘন করেছে। অন্যদিকে লোকাল ও কালেক্টর রোডে ৪৫ শতাংশ যানবাহন নির্ধারিত গতিসীমা অমান্য করে। এতে আরো বলা হয়, চট্টগ্রাম সিটি রোড সেফটি রিপোর্ট ২০২১-২৩ অনুযায়ী, নগরীতে সড়ক দুর্ঘটনায় নিহতদের ৯২ শতাংশই ছিলেন ঝুঁকিপূর্ণ সড়ক ব্যবহারকারী, যেমনÑপথচারী, মোটরসাইকেল, থ্রি হুইলার আরোহী ইত্যাদি।
জরিপে বলা হয়, অবশ্য গত বছরের মে মাসে নতুন গতিবিধি নির্দেশিকা দেয় বিআরটিএ। এতে হাইওয়ে ও এক্সপ্রেসওয়ের জন্য যানবাহনের সর্বোচ্চ গতিসীমা নির্ধারণ করা হয় ঘণ্টায় ৮০ কিলোমিটার। সে অনুসারে দেখা গেছে, সব ধরনের যানবাহন ও রাস্তা বিবেচনায় ৪৪ শতাংশ যানবাহন নির্ধারিত গতিসীমার চেয়ে বেশি গতিতে চলে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলেন, একটি শহরের আয়তনের তুলনায় যে পরিমাণ সড়ক থাকা প্রয়োজন, চট্টগ্রামে তা নেই। তাছাড়া বিভিন্ন বাস্তবিক কারণে সড়ক নির্মাণের ক্ষেত্রে আমাদের পক্ষে সব মানদণ্ড শতভাগ অনুসরণ করা সম্ভব হয় না। তবে আমরা আশাবাদী ভবিষ্যতে আমরা এ জটিলতা কাটিয়ে উঠতে পারব।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
