জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী বলেছেন, ‘আমরা জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেঈমানী করতে পারবো না। জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেঈমানী করলে আল্লাহ সহ্য করবেন না।’
তিনি বলেন, ‘এ দেশ ফ্যাসিস্ট শেখ হাসিনার হাত থেকে রক্ষা করতে শত শত জুলাই যোদ্ধা জীবন দিয়েছেন। তাঁদের চোখে অনেক স্বপ্ন ছিল, কিন্তু ফ্যাসিস্ট সরকার সেই স্বপ্ন সফল হতে দেয়নি।’
সোমবার (২ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দল আয়োজিত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহাদাত হোসেন সেলিমের সমর্থনে মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইয়াসিন আলী।
তিনি আরো বলেন, ‘এবার অনেক তরুণ আছে যারা এখনো ভোট দিতে পারেনি। তাদেরকে বলব, দেশ বাঁচানোর স্বার্থে তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক। তিনি দাবি করেন, ‘এক আওয়ামী লীগ গেছে, এখন আরেক আওয়ামী লীগ ওৎ পেতে আছে ক্ষমতা দখল করার জন্য।’
এ সময় ইয়াসিন আলী বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তিরা আমাদের মা-বোনকে নিয়ে যে মন্তব্য করেছে, তা আমার মুখে আসবে না। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। তাই আগামী ১২ তারিখ ফজরের নামাজ পড়ে সবাই ভোটকেন্দ্রে যাবেন। ভোট গণনার ফলাফল ছাড়া কেউ ঘরে ফিরবেন না।’
সমাবেশে রামগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমরান হোসেনের সভাপতিত্বে এবং ফরহাদ হোসেন নিশানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সম্পাদক মোহাম্মদ মমিনুল ইসলাম, কেন্দ্রীয় সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম রহমান রাজিব, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

