'ফ্যাসিস্ট সরকার মাদক দিয়ে যুবসমাজকে ধ্বংসের পথে নিয়েছে'

জেলা প্রতিনিধি, ফেনী

'ফ্যাসিস্ট সরকার মাদক দিয়ে যুবসমাজকে ধ্বংসের পথে নিয়েছে'

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান মুজাহিদ বলেছেন, দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে নিয়ে গেছে আওয়ামী ফ্যাসিস্ট সরকার। যুবসমাজকে বিপথগামী করতে তারা দেশে মুড়ি-মুরকির মতো ১৪ রকমের মাদক ছিটিয়ে দিয়েছিল।

বিজ্ঞাপন

বাংলার জমিনে ইসলামী শক্তি থাকতে আর কোনো স্বৈরাচারকে দাঁড়াতে দেয়া হবে না।

শুক্রবার ফেনী শহরের জেলা শিল্পকলা একাডেমীতে ইসলামী যুব আন্দোলনের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, বিগত নির্বাচন পদ্ধতি স্বৈরাচার প্রতিষ্ঠার হাতিয়ার ছিল। তাই আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এর জন্য দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীর বাংলাদেশ গঠনে আমাদের দায়িত্ব নিতে হবে।

বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে মুজাহিদ বলেন, আমরা রাজনীতিকে ইবাদত মনে করি। ইসলাম নিয়ে অর্বাচিনের মত মন্তব্য করবেন না।

ইসলামি যুব আন্দোলনের ফেনী জেলা সভাপতি মুফতি সালাউদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জাহিদ হাসান চৌধুরীর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন মাওলানা শেখ মিজানুর রহমান, প্রিন্সিপাল মাওলানা নুরুল করিম, মাওলানা গাজী এনামুল হক ভূঁইয়া, একরামুল হক ভূঁইয়া, মাওলানা আজিজুল্লাহ বসিকপুরী, হাফেজ হিজবুল্লাহ, মাওলানা আব্দুর রাজ্জাক, আব্দুল কাইয়ুম সোহাইল, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আলাউদ্দিন সাবেরী, ছাত্রনেতা মুহাম্মদ নাদের চৌধুরী প্রমুখ।

এতে বন্ধুপ্রতিম যুব সংগঠনের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব মজলিস ফেনী জেলা সভাপতি মাওলানা আব্দুর রহিম, যুব অধিকার পরিষদ ফেনী জেলা সভাপতি ইঞ্জিনিয়ার আনিস পারভেজ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন