চট্টগ্রামে স্বামী হত্যার ১৬ বছর পর স্ত্রীর যাবজ্জীবন

চট্টগ্রামে স্বামী হত্যার ১৬ বছর পর স্ত্রীর যাবজ্জীবন

চট্টগ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীকে হত্যার দায়ে স্ত্রীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, আটজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে হেলাল উদ্দিনকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তার স্ত্রী হোসনে আরা বেগমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

মামলার সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৯ মে রাত ১টার দিকে নগরের বাটারী রোডের কলোনিতে হেলাল উদ্দিনের সঙ্গে তার স্ত্রীর পারিবারিক কলহ হয়। একপর্যায়ে হোসনে আরা বেগম দেশীয় অস্ত্র দিয়ে স্বামীর মাথায় আঘাত করেন। এতে হেলাল উদ্দিনের মৃত্যু হয়। পরে ঘরের বাইরে তালা লাগিয়ে আত্মগোপন করেন তিনি।

ওই দিন দুপুরে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থল থেকে হেলাল উদ্দিনের লাশ উদ্ধার করে। তার মুখ, ডান পা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। পরে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় কোতয়ালী থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. সাহাবুদ্দিন খান বাদী হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১০ সালের ১৪ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। দীর্ঘ ১৬ বছর পর আদালত এ মামলার রায় দিল।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন