কক্সবাজারের উখিয়া উপজেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বোরো ধান সংগ্রহ কার্যক্রম। চলতি মৌসুমে উপজেলায় ৬০৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গতকাল সোমবার উপজেলা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজাপালং ইউনিয়নের দুই কৃষকের হাতে ধানের বিল তুলে দিয়ে সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি সরোয়ার জাহান চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কামনাষিস সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ ফরিদুল আলম এবং খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু নাঈম ভূঁইয়াসহ বিভিন্ন কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্য পাচ্ছেন। এতে কৃষকদের মাঝে উৎপাদনে আগ্রহ বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবু নাঈম ভূঁইয়া বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও নিয়ম মেনে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে। প্রকৃত কৃষকরা যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা বলেন, কৃষকরা দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল চালিকাশক্তি। সরকার কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এতে কৃষকরা লাভবান হবেন এবং কৃষি উৎপাদন আরো বৃদ্ধি পাবে বলে আমরা আশা করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

