চট্টগ্রামের ফটিকছড়িতে পোল্ট্রি ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ করা হয়েছে। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডলু পাড়া এলাকায় গুলিবর্ষণের ঘটনা ঘটে।
এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ নুরুল আবছার। তিনি বলেন, ডলু পাড়া এলাকার পোল্ট্রি ব্যবসায়ী লিটনের বসতঘর লক্ষ্য করে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। গুলির শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
পোল্ট্রি ব্যবসায়ী লিটন বলেন, রাত ৮টা ১৬ মিনিটের দিকে আমার ঘর লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এ সময় আমি ঘরের ভেতরে ছিলাম। দুর্বৃত্তরা গুলি করে দ্রুত পালিয়ে যায়। তাই আমি কাউকে চিনতে পারিনি। তারা সংখ্যায় কয়জন ছিলো তাও দেখতে পাইনি।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিস্তারিত পরে জানানো হবে। তিনি আরও বলেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

