আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর জামাল খানের জয়পাহাড় আবাসিক এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনকে (বিপিসি) ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে এ আদেশ দেন অধিদপ্তরের পরিচালক সোনিয়া সুলতানা।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুক্তাদির হাসান জানান, সরেজমিন পরিদর্শন ও দালিলিক যাচাই-বাছাইয়ে উক্ত তফসিলভুক্ত স্থানে পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে। পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রায় ১৫০ ফুট দৈর্ঘ্য, ৮ ফুট প্রস্থ ও ৮ ফুট উচ্চতায় মোট আনুমানিক ৯ হাজার ৬০০ ঘনফুট পাহাড় কাটা হয়েছে। তিনি আরও বলেন, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬ (খ) ধারায় এটি অপরাধ হিসেবে গণ্য হওয়ায় ধারা ৭ অনুযায়ী এনভায়রনমেন্টাল ড্যামেজ অ্যাসেসমেন্ট করা হয়েছে। প্রতি ঘনফুট ১০০ টাকা হারে ৯ হাজার ৬০০ ঘনফুটের জন্য মোট ৯ লাখ ৬০ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ নির্ধারণ করা হয়েছে।

শুনানিতে বিপিসির পক্ষে ডিজিএম এস এম জোবায়ের হোসেন ও এলডিএ মো. শিহাব উদ্দিন উপস্থিত ছিলেন। অপরদিকে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন মহানগর কার্যালয়ের পরিদর্শক মুহাম্মদ আশফাকুর রহমান ও সিনিয়র টেকনিশিয়ান মো. ওমর ফারুক। শুনানিতে সরেজমিন প্রতিবেদন, বিবাদির লিখিত বক্তব্য ও অন্যান্য দালিলিক প্রমাণ পর্যালোচনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন