আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পুলিশ হেফাজতে থেকেই মামলা করলেন র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আসামি

চট্টগ্রাম ব্যুরো

পুলিশ হেফাজতে থেকেই মামলা করলেন র‍্যাব কর্মকর্তা হত্যা মামলার আসামি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাবের এক কর্মকর্তাকে পিটিয়ে খুনের মামলার আসামি দেলোয়ার হোসাইনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তার কাছ থেকে প্রতিপক্ষ কয়েকজনের নামে একটি অপহরণ মামলা করা হয়। হেফাজতে থাকা অবস্থায় হত্যা মামলার আসামির কাছ থেকে অপহরণের মামলা গ্রহণ করায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে র‌্যাব হত্যায় জড়িত সন্দেহে আলীনগরের শীর্ষ সন্ত্রাসী ইয়াছিনের সহযোগী দেলোয়ার হোসাইন ও মো. সোহেলকে আটক করে থানায় খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে এসে ওমর ফারুক নামে একজনসহ তিনজনকে গ্রেপ্তার করে।

বিজ্ঞাপন

অপহরণ মামলাটির এজাহার বিশ্লেষণ করে দেখা যায়, মামলার বাদী গ্রেপ্তার হওয়া দেলোয়ার হোসাইন আলীনগরের মো. মোখলেছুর রহমানের ছেলে। মামলায় অপহরণের ঘটনার সময় উল্লেখ করা হয় গত শুক্রবার দুপুরে।

অপহরণ মামলার অভিযোগে বলা হয়, দেলোয়ার ও তার বন্ধু একটি মোটরসাইকেলে করে চট্টগ্রামে যাওয়ার সময় ছিন্নমূল বাজারে অপহরণের শিকার হন। এ সময় তাদের আটকে মারধর করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন আসামিরা। তাদের কাছে থাকা দুটি মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়। পরে ৯৯৯ এ কল করলে পুলিশ তাদের উদ্ধার করে। মামলার এজাহারে দেলোয়ার হোসাইন নিজেকে পোশাক শ্রমিক ও মো. সোহেল নিজেকে বিকাশ ব্যবসায়ী পরিচয় দেন।

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, গ্রেপ্তার থাকা অবস্থায় দেলোয়ার হোসাইনের কাছ থেকে মামলা গ্রহণ করে সীতাকুণ্ড থানা পুলিশ।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আমিনুল ইসলাম বলেন, দুজনকে অপহরণের হাত থেকে রক্ষা করে থানায় নিয়ে আসা হয়। আরেকজনকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার করি। গ্রেপ্তারের পর আসামি কীভাবে মামলা করেছেন তা আমার জানা নেই।

বিষয়টি অস্বীকার করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম জানান, আসামি হলেও তার আইনগত ব্যবস্থা গ্রহণের অধিকার আছে। আমরা তাকে গ্রেপ্তারের পর মামলা গ্রহণ করিনি। মামলা গ্রহণের পরে জানতে পেরেছি তিনি ও তার সঙ্গে ব্যক্তি র‌্যাব কর্মকর্তা হত্যার সন্দেহভাজন আসামি। তখন আমরা তাদের গ্রেপ্তার করি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন