নবীনগরে এলপিজি গ্যাসের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

নবীনগরে এলপিজি গ্যাসের গোডাউনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

সরকার নির্ধারিত (বিইআরসি নির্ধারিত) ১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডার ১হাজার ৭শ’২৮ টাকায় বিক্রি করার নির্দেশনা থাকলেও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বসুন্ধরা ডিলার মাহদী এন্টারপ্রাইজ দুই হাজার টাকা করে প্রতিটি সিলিন্ডার বিক্রি করছেন। এমন অভিযোগ পেয়ে মাহদী এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান চালিয়ে সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

বেশি দামে বিক্রির অভিযোগে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে ওই প্রতিষ্ঠানকে। অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর।

রোববার দুপুরে নবীনগর পৌরসভার নারায়ণপুর গ্রামে মাহদী এন্টারপ্রাইজের গোডাউনে অভিযান পরিচালনার সময় একটি গ্যাস সিলিন্ডারের ভেতরে পানি পাওয়া গেলে ওই সিলিন্ডার জব্দ করা হয়। পরে নগদ জরিমানা দিয়ে জেল থেকে রক্ষা পেলেন ডিলার বাছির মিয়া।

গ্যাসের সিলিন্ডারে পানি থাকার বিষয়টি স্বীকার করে বাছির মিয়া বলেন, গ্যাস সংকটের মুহূর্তে হয়তোবা কতিপয় অসাধু খুচরা ব্যাবসায়ী এমনটা করতে পারে। এই বোতল গ্রাহকদের মাধ্যমে আমরা পেয়েছি। তিনি আরও বলেন, পরিবহন খরচ বেড়ে যাওয়ার কারণে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

অভিযান পরিচালনা শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর বলেন, ভোক্তা অধিকার রক্ষায় এবং বেশি দামে বিক্রেতাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...