আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টিকিট মজুদ ও মূল্য তালিকা না থাকায় ২ কাউন্টারকে জরিমানা

চট্টগ্রাম ব্যুরো

টিকিট মজুদ ও মূল্য তালিকা না থাকায় ২ কাউন্টারকে জরিমানা

ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এবং টিকিটের কালোবাজারি রোধে চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার নগরীর অলংকার মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে টিকিট মজুদ করে কৃত্রিম সংকট তৈরি এবং কাউন্টারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মদিনা এন্টারপ্রাইজ ও হানিফ এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা গেছে, অলংকার মোড় সংলগ্ন মদিনা এন্টারপ্রাইজ এবং হানিফ এন্টারপ্রাইজ— উভয় প্রতিষ্ঠানেই টিকিটের সরকার নির্ধারিত মূল্যতালিকা পাওয়া যায়নি। এছাড়া টিকিট থাকা সত্ত্বেও যাত্রীদের কাছে তা বিক্রি না করে মজুদের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠান দুটিকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ এবং সহকারী পরিচালক মাহমুদা আক্তার।

অভিযান শেষে কর্মকর্তারা জানান, আসন্ন ঈদে সাধারণ যাত্রীরা যাতে হয়রানির শিকার না হন এবং অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি করতে না পারে, সেজন্য আমাদের এ নজরদারি অব্যাহত থাকবে। যেকোনো অনিয়ম পেলেই কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন