চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপকর্মের অভিযোগে চাঁদপুরের মতলব দক্ষিণ, মতলব উত্তর এবং হাজীগঞ্জ উপজেলার বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভুঁইয়া এবং চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী।
গত ২৯ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁদাবাজি, দখলদারী, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকার অভিযোগে এই তিন নেতাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বিবৃতিতে এ বিষয়ে বলা হয়েছে, দলের বৃহৎ স্বার্থে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। দলকে সুসংগঠিত রাখার জন্য এবং দলীয় বিশৃংখলা এড়াতে এ সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

