খাগড়াছড়ির মধুমঙ্গলপাড়ায় পাহাড়ি তিন চাকমা যুবককে নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয় গত জুলাই মাসে। এ ঘটনার চার মাস পেরিয়ে গেলেও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে স্থানীয় সোর্সের মাধ্যমে সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ।
জানা যায়, গত ৬ জুলাই খাগড়াছড়ি জেলার মধুমঙ্গলপাড়া এলাকায় ১০-১২ জনের একটি সশস্ত্র দল পাহাড়ি তিন যুবকের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় অস্ত্রধারীরা প্রকাশ্যে গুলি করে তাদের হত্যা করে। নিহতরা হলেন—পদ্মা চাকমা (১৮), ধনা চাকমা (১৮) ও রিয়েল চাকমা (১৮)।
তদন্তে উঠে এসেছে, পার্বত্য চট্টগ্রামভিত্তিক আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতির (জেএসএস) সন্তু গ্রুপের সদস্যরা এ হামলায় জড়িত। হামলাকারীরা আগে থেকেই নিহতদের অবস্থান ও চলাচল সম্পর্কে তথ্য সংগ্রহ করে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড চালায়। তিন যুবকের মৃত্যু নিশ্চিত হওয়ার পর তারা ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর নিরাপত্তা বাহিনীর একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। পরে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করে। তবে চার মাস অতিবাহিত হলেও এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা বিচারের আওতায় আনার তথ্য পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিহত তিন যুবক একসময় জেএসএস (সন্তু) গ্রুপের সশস্ত্র কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। পরে তারা সংগঠনটির কার্যক্রম ছেড়ে নিরাপত্তা বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন। তাদের মধ্যে রিয়েল চাকমা গত ১৯ মে একটি শটগানসহ আত্মসমর্পণ করেন।
আত্মসমর্পণের পর তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও চট্টগ্রামে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছিল বলে জানা গেছে।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা আমার দেশকে বলেন, পার্বত্য অঞ্চলের দুই সশস্ত্র সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের পরিবার মামলা করতে আগ্রহী ছিল না। পরে একজনের বোন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
তিনি বলেন, তদন্তে সশস্ত্র সংগঠনের সদস্যদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে মামলার তদন্ত তেমন অগ্রসর হয়নি। সন্দেহভাজন আসামিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

