ফরিদগঞ্জে খাল খননে দুর্নীতি, প্রতিবাদে মানববন্ধন

ফরিদগঞ্জে খাল খননে দুর্নীতি, প্রতিবাদে মানববন্ধন

প্রবল ঝড়-বৃষ্টি উপেক্ষা করে দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে রাস্তায় নামলেন সাধারণ কৃষকরা। বৃহস্পতিবার (২৯ মে) ফরিদগঞ্জ প্রেসক্লাবের সামনের সড়কে চাঁদপুর সিআইপি কৃষক সংগ্রাম কমিটির ব্যানারে খাল খননে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা সুবিদপুর পূর্ব ইউনিয়নে পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নামে এবং সংশ্লিষ্ট অফিসসমূহের সহযোগিতায় খাল খনন ও ড্রেন সংস্কারের নামে সরকারের বরাদ্দকৃত টাকার হরিলুট থামানো এবং যথোপযুক্ত তদন্তের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সিআইপি কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন দুলাল বলেন, ফরিদগঞ্জের সুবিদপুর পূর্ব ইউনিয়নে খাল খনন ও ড্রেন সংস্কারের নামে সাগর-ডাকাতি হয়েছে। ওই ইউনিয়নের কয়েকটি খালে ২৮০০ মিটার খননের জন্য ৫৯ লাখ টাকা ও একটি ড্রেনের সংস্কারের জন্য ৪ লাখ টাকা ব্যয় ধরা হলেও মাত্র ৬ লাখ টাকার কাজ করে বাকি টাকা হরিলুটের ব্যবস্থা হচ্ছে। সিআইপি কৃষক সংগ্রাম কমিটি এসব অনিয়ম ও দুর্নীতি কোনোভাবেই মেনে নেবে না। মানববন্ধন থেকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবেন। কারণ চাঁদপুর সেচ প্রকল্পের খাল খনন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, আমাদের দাবির প্রতি সম্মান দেখিয়ে চাঁদপুর জেলা প্রশাসন ও ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের ‍সহায়তায় কিছু খাল খনন করা হয়েছে। কিন্তু একটি ইউনিয়নে খাল খননের নামে ৬৩ লাখ টাকা বরাদ্দ নিয়ে যদি কাজের নামে লুটপাট শুরু করে আমরা তা মেনে নেবো না। আমরা দুর্নীতিবাজ কর্মকর্তা, কথিত সমিতির কর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক তোবারক উল্লাহ, মমতাজউদ্দিন সরকার, শেখ আলী আহমদ, আবদুল ওয়াদুদ, মোজাম্মেল পাটোয়ারী ও সদস্য রহিমা কলি প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন