কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে রাস্তা পার হতে গিয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর একটি গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১৩-এর ই-১ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু ওয়াইদা একই ক্যাম্পের বাসিন্দা মৌলভী আব্দুল্লাহর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আইওএম পরিচালিত একটি গাড়ি (চট্ট-মেট্রো-চ-১১-৮৭৬৪) ক্যাম্পের ভেতর দিয়ে চলাচলের সময় অসাবধানতা-বশত শিশুটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রোহিঙ্গারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে আইওএম-এর গাড়িটি ভাঙচুর করে। এতে ক্যাম্প এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আতঙ্কের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্যাম্প ইনচার্জের নির্দেশে তানজিমার খোলা, ঘোনারপাড়া ও জামতলী এপিবিএন পুলিশ এবং উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। নিহত শিশুর মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

