নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোর অটোরিকশা চালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পুলিশ রোববার বিকেলে তার লাশ উদ্ধার করেছে।
নিহত মো. আবদুল আহাদ (১৭) চট্টগ্রামের ওসমানিয়া ফ্যাক্টরি এলাকার নুরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, রোববার বিকেলে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মুন্সী বাড়ি ব্রিজ সংলগ্ন একটি ধানক্ষেত থেকে মুখে কসটেপ মোড়ানো অবস্থায় আহাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতের মামা মো. আজাদ জানান, দুই বছর আগে আহাদের বাবা-মায়ের বিচ্ছেদ হয়। এরপর থেকে সে নানার বাড়িতে বসবাস করত। স্থানীয় জিলানী নামে এক ব্যক্তির গ্যারেজে থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত সে।
শনিবার দিবাগত রাত ১টার দিকে অটোরিকশার মালিক আহাদের মাকে ফোন করে জানান, আহাদ রিকশা নিয়ে গ্যারেজে ফেরেনি। এরপর থেকে সে অটোরিকশাসহ নিখোঁজ ছিল।
রোববার দুপুরে জমির মালিক ধানক্ষেতে পানি দিতে গিয়ে লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাবীবুর রহমান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল (২৫০ শয্যাবিশিষ্ট) মর্গে পাঠানো হচ্ছে।
তিনি আরও জানান, অটোরিকশাটির এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

