শনিবার চকরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী, সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

শনিবার চকরিয়ায় আসছেন প্রধানমন্ত্রী, সমাবেশস্থল পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কাল শনিবার কক্সবাজারের চকরিয়া ও পেকুয়ায় আসছেন। এদিন বিকাল ৪টায় চকরিয়া উপজেলা সদরের শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনালে বিএনপি আয়োজিত জনসভায় উপস্থিত থেকে প্রধান অতিথির ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র কেরে ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সভামঞ্চও।

সরকার গঠনের পর এই প্রথম চকরিয়া পেকুয়ায় আগমনে দু’উপজেলার বিএনপি নেতাকর্মীদের মাঝে দেখা দিয়ে উৎসবের আমেজ। সর্বত্রই বিরাজ করছে সাজ সাজ রব।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমনে চকরিয়া ও পেকুয়ায় স্বাগত মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর চকরিয়া পেকুয়ায় বিভিন্ন কর্মসূচিকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে দু’উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শুক্রবার (১২ জুন) বিকেলে চকরিয়ায় প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচিস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। এদিন বিকেলে তিনি ডুলাহাজারা সাফারি পার্ক ও চকরিয়া উপজেলা সদরের জনসভাস্থল শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনাল এলাকা পরিদর্শন করেন।

এ সময় তিনি প্রশাসনের লোকজন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। পরে পেকুয়াস্থ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক জানান, চকরিয়ায় প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে তিনস্থরের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো সিডিউল মতে আজ ১৩ জুন শনিবার সকাল পৌনে ১০টায় কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখান থেকে তিনি কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে মাছুয়াখালীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

দুপুর সোয়া ১২টায় ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও পার্ক ভ্রমণ করবেন প্রধানমন্ত্রী। বেলা ১টায় জুলাই গণঅভ্যুত্থানে কক্সবাজার জেলার প্রথম শহীদ পেকুয়ার সন্তান ছাত্রনেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত ও তার পরিবারে সাথে সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।। এছাড়া দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরি উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নবগঠিত পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এনামুল হক আরো বলেন,বিকেল ৪টায় চকরিয়া উপজেলা সদরের শহীদ আব্দুল হামিদ পৌর বাসটার্মিনালে বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে প্রধান বক্তার বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এমপি।

এছাড়া জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নের্তৃবিন্দ বক্তব্য রাখবেন। জনসভায় সভাপতিত্ব করবেন কক্সবাজার জেলা বিএনপির সহসভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। সঞ্চালনায় থাকবেন চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মনির হোসেন জানায়, প্রধানমন্ত্রীর কর্মসূচিকে ঘিরে নির্ধারিত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি আরো বাড়তি নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন