আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারি দলকে বাধ্য করা হবে: সিফাত

চট্টগ্রাম ব্যুরো

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারি দলকে বাধ্য করা হবে: সিফাত
ছবি: আমার দেশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারি দলকে বাধ্য করা হবে৷ তারা কীভাবে শপথ নিবে সেজন্য আমরা সংসদ ও সংসদের বাইরে চাপ প্রয়োগ করব৷ কেননা এই নতুন গণতান্ত্রিক বাংলাদেশ জুলাইয়ের শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। তাদেরকে সঙ্গে নিয়েই আমাদের চলতে হবে। জুলাই গণহত্যার বিচার করতে হবে।

সোমবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন৷ এসময় তিনি বলেন, আমরা বারবার জুলাই সনদের সংস্কৃারগুলো বাস্তবায়ন করার জন্য দাবি জানিয়ে আসছি।

বিজ্ঞাপন

আমরা জুলাইয়ের পক্ষে সংসদে আওয়াজ তুলছি৷ সংসদের প্রথম অধিবেশনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দ্ব্যর্থহীন কণ্ঠে জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে বলে জানিয়েছেন৷ একই সঙ্গে সংসদের বাইরে অবস্থান নিয়ে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আওয়াজ তুলছেন। সামনেও আমরা জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সমাজের অন্যান্য অংশসহ দুইভাবে আমাদের এই সক্রিয় অবস্থান ধরে রাখব৷

তিনি আরও বলেন, আমাদের এই নতুন বাংলাদেশ, এই গণতান্ত্রিক বাংলাদেশ জুলাই শহীদদের অবদান, এই পরিবেশ তাদের রক্তের অবদান৷ তাদের রক্তের উপর এই সংসদ দাঁড়িয়ে আছে। এই সীতাকুণ্ডেও অনেক শহীদ রয়েছেন। বিগত দিনগুলিতে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের উপর আওয়ামী গুন্ডারা নির্মম নির্যাতন, জুলুম অত্যাচার চালিয়েছেন৷ তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, জুলাই সনদকে একটি বিধিবদ্ধ রূপ দিতে পারব মনে হয়েছে বলেই আমরা সংসদে গিয়েছি। কিন্তুু আমরা দেখলাম বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে নাই। ফলে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন করার ক্ষেত্রে এই জটিলতা দেখা দেয়। অথচ জুলাই শহীদরা, বিগত ১৬ বছর যারা আওয়ামী লীগের নির্মমতার শিকার হয়ে খুন হয়েছিলেন তারা চেয়েছিল একটি বৈষম্যহীন বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, মেধার বাংলাদেশ৷ তাদের রক্তের বিনিময়ে আমরা সুন্দর বাংলাদেশ পেলেও তাদের সেই আকাঙ্খার বাংলাদেশ বাস্তবায়ন আজও হয়নি। তাদের আকাঙ্খার বাংলাদেশ করতে হলে শহীদদের নিয়েই আমাদের চলতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...