চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে অধ্যক্ষ মুহাম্মদ শামসুজ্জামান হেলালীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তিনি চট্টগ্রামের ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
গত সোমবার রাতে নগর জামায়াতের শূরা বৈঠকে দলের নগর শাখার সদস্যদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী।
তিনি বলেন, দলের নগর শাখার সদস্যদের মতামত ও কেন্দ্রের সিদ্ধান্তের ভিত্তিতে শামসুজ্জামান হেলালীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে তিনি জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
জানা গেছে, শামসুজ্জামান হেলালী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তবে তিনি ৪৬ হাজার ভোটের ব্যবধানে বিএনপির সাঈদ আল নোমানের কাছে পরাজিত হন। স্নাতকোত্তর সম্পন্ন করা হেলালী আগে শিক্ষকতা পেশায় থাকলেও বর্তমানে ব্যবসার সঙ্গে যুক্ত।
এর আগে চসিক নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমের নাম আলোচনায় ছিল। তার পরিচ্ছন্ন ভাবমূর্তি ও তরুণ নেতৃত্বকে সামনে রেখে প্রার্থী করার বিষয়ে দলের ভেতরে আলোচনা চলছিল। যদিও সাদিক কায়েমের পাশাপাশি মহানগর আমির নজরুল ইসলামসহ সাবেক কয়েকজন শিবির নেতার নাম কেন্দ্রে পাঠিয়েছিল মহানগর জামায়াত। তবে শেষ পর্যন্ত শামসুজ্জামান হেলালীর নাম চূড়ান্ত করা হয়েছে। এছাড়া কাউন্সিলর পদে ৪১ ওয়ার্ডে প্রার্থীদের নামও চূড়ান্ত করেছে জামায়াত। তবে এখনো সে তালিকা প্রকাশ করেনি দলটি।
জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৬টায় নগর জামায়াতের শূরা বৈঠক অনুষ্ঠিত হয়। এতে নগর শাখার আমির নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেনÑকেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, নগর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালীসহ শীর্ষ জামায়াত নেতারা। সেখানে চসিক নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন দলটির নেতারা। ওই বৈঠকের পরপর সোমবার মধ্যরাতে মেয়র পদে শামসুজ্জামান হেলালীর নাম প্রকাশ্যে আসে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

