বন্যাদুর্গত পাঁচ জেলায় ঋণের কিস্তি ৩ মাসের জন্য স্থগিত

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বন্যাদুর্গত পাঁচ জেলায় ঋণের কিস্তি ৩ মাসের জন্য স্থগিত
ফাইল ছবি

বন্যাদুর্গত পাঁচ জেলা চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও অতিবৃষ্টির কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত এলাকায় ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনজিওবিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া।

বিজ্ঞাপন

গতকাল শুক্রবার বাঁশখালীর বন্যাদুর্গত দক্ষিণ জলদী, আশকরিয়া পাড়া ও সরল এলাকা পরিদর্শন এবং বানভাসি মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্দেশনা অনুযায়ী এসব এলাকায় আগামী তিন মাস ঋণ আদায় বন্ধ থাকবে। তিনি পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং চলমান ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত হন। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেন।

এ সময় বিএনপি নেতা মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সিনিয়র সহকারী সচিব শরীফ আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা, এনজিওবিষয়ক ব্যুরো বাহাদুর রইচুর রহমান, সহকারী কমিশনার ভূমি, বাঁশখালী মো. ওমর সানী আকন, চট্টগ্রাম জেলা দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। স্থানীয়রা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি উদ্যোগের সমন্বয়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘব হবে এবং পুনর্বাসন কার্যক্রম আরো জোরদার হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন