শতবর্ষী পুকুর ভরাট করলেন বিএনপির সদস্য সচিবের ভাই যুবলীগ নেতা

শতবর্ষী পুকুর ভরাট করলেন বিএনপির সদস্য সচিবের ভাই যুবলীগ নেতা

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারের রশিদ মার্কেটের পশ্চিম দক্ষিণ পাশে শতবর্ষী পুকুরটি বাজারের পানি নিষ্কাশনের একমাত্র ব্যবস্থা। গত কয়েকদিন ধরে অবৈধ ডেজার মেশিন লাগিয়ে পুকুরটি ভরাট করছেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমির হোসেনের ছোটো ভাই যুবলীগ নেতা জামাল হোসেন।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, সরকারি নিয়ম অবজ্ঞা করে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পুকুর ভরাট করছেন জামাল হোসেন। আওয়ামী লীগের আমলে জামাল হোসেন পুকুরের কিছু অংশ বিক্রয় করার পর এখন তার আপন বড় ভাই আমির হোসেনের প্রভাব খাটিয়ে পুকুর ভরাট করে প্লট বিক্রয়ের পায়তারা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলা সদর বাইপাস সড়কের রশিদ মার্কেট সংলগ্ন পুকুর বলেই সবাই চিনে৷ স্থানীয়দের কাছ থেকে যুবলীগ নেতা জামাল হোসেন এ পুকুরটি ক্রয় করে৷ নিয়ম অনুযায়ী পুকুর ভরাটের নিয়ম না থাকলেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভরাট করা হচ্ছে। নেওয়া হয়নি কোনো প্রশাসনের অনুমোদন ।

জানা যায়, ২০২৩ সালের ৯ আগস্ট বিএনপির রাজনীতি নিষিদ্ধ চেয়ে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানার নিকট স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দিয়েছিলেন জামাল হোসেন। তার আরেক ভাই জাতীয় পার্টির ব্রাহ্মণপাড়া উপজেলার সভাপতি।

পুকুরের একাংশের মালিক ফজলুল হক দৈনিক আমার দেশকে বলেন, আমার এখানে ১০ শতকের মতো জায়গা আছে। যুবলীগ নেতা জামালের বেশিরভাগ জায়গা। জামাল আমার ভাতিজার কাছ থেকে ১০ শতক কিনেছে। পুকুর ভরাটের কাজ চলতেছে। ভরাট করার পর আমরা বিক্রয় করব।

অনুমতি ছাড়াই পুকুর ভরাট করা হচ্ছে এ বিষয়ে জানতে উপজেলা যুবলীগের প্রস্তাবিত সাধারণ সম্পাদক জামাল হোসেন বলেন, পুকুরের অর্ধেক অংশ আমার। পুকুরের পাশে আমার ভবন আছে। ভরাটের সাথে আমি জড়িত না।

ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব আমির হোসেন বলেন, আওয়ামী লীগের আমলে অর্ধেকটা পুকুর ভরাট করে প্লট করে বিক্রয় করা হয়েছে। আমার ভাই জামাল হোসেন এটার সাথে জড়িত আছে কিনা আমি জানি না ।

ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে অবৈধভাবে পুকুর ভরাট করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান দৈনিক আমার দেশকে বলেন, বিষয়টি আমি জানতাম না। আপনার কাছ থেকে জানতে পারলাম। আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন