নিখোঁজ ছাত্রদল নেতার লাশ মিলল সেপটিক ট্যাংকে

নিখোঁজ ছাত্রদল নেতার লাশ মিলল সেপটিক ট্যাংকে

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলা থেকে নিখোঁজের দু’দিন পর একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে সাবেক ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে জেলার সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গানগর গ্রামের সওদাগরের বাড়ির পাশের নতুন বাড়ির সেপটিক ট্যাংক থেকে এ লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে তাৎক্ষণিক পুলিশ ও নিহতের স্বজনেরা এই হত্যাকাণ্ডের কোনো কারণ জানাতে পারেনি।

নিহত মীর হোসেন ওরফে সাদ্দাম (৩১) উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের মনহর আলী পিয়ানো বাড়ির মৃত মমিনুল হকের ছেলে। তিনি রাজগঞ্জ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং রাজগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিসানের রড-সিমেন্ট দোকানে ম্যানেজার ছিলেন।

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার রাজেন্দ্রপুর নিজ গ্রাম থেকে সাদ্দাম নিখোঁজ ছিল। এরপর তার পরিবার বিষয়টি মৌখিক ভাবে বেগমগঞ্জ পুলিশকে অবহিত করে।

শনিবার সকাল ৬টার দিকে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সওদাগরের বাড়ির পাশের নতুন বাড়িতে আম কুড়াতে যায় কয়েকজন শিশু। সেখানে তারা একটি সেপটিক ট্যাংকের ভিতর পলিথিন মোড়ানো অবস্থায় সাদ্দামের লাশ পড়ে থাকতে দেখে। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে পুলিশকে বিষয়টি অবহিত করে। তাদের তথ্যের ভিত্তিতে দুপুর সাড়ে ১২টার দিকে সদর ও বেগমগঞ্জ থানার একদল পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। নিহতের মাথায় গলায় মুখে ও শরীরের মধ্যে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা কেটে হত্যা করা হয়েছে।

এই ঘটনায় দুপুর ৩টার সময় সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা করছে। লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বেগমগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান জানান, নিহতের বাড়ি বেগমগঞ্জে এবং লাশ উদ্ধারের স্থান সদরে। বেগমগঞ্জ ও সদর থানা পুলিশ যৌথভাবে কাজ করছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নোয়াখালী পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বেলা সাড়ে ৩টার সময় জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ড উদ্‌ঘাটনে পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন টিম কাজ করছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন