চাঁদপুর জেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আশ্রাফ উদ্দিন নিজান বলেছেন, উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ৫০ শয্যা থেকে ১০১ শয্যায় উন্নীত করার যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, সেটি পরিবর্তন করে ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন।
মাদক ও আইনশৃঙ্খলা বিষয়ে হুইপ বলেন, মাদকসেবীদের একসঙ্গে রাখা যাবে না, তাদের আলাদাভাবে রাখতে হবে। মাদকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে উল্লেখ করে তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
চাঁদপুরের ইলিশ সম্পদ রক্ষা নিয়ে তিনি বলেন, চাঁদপুর ইলিশের প্রধান প্রজনন কেন্দ্র। সারা পৃথিবী চাঁদপুরকে ইলিশের জন্য চেনে। তাই ইলিশ রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কোস্টগার্ডের কার্যক্রম প্রসঙ্গে হুইপ বলেন, মালামাল জব্দ করে মূল্য নির্ধারণ করা হয়েছে, কিন্তু কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি—এটা কেন হবে? জব্দ করা মালামালের ঘটনায় আইন অনুযায়ী মামলা করতে হবে এবং জড়িতদের আটকের ব্যবস্থা করতে হবে।
চাঁদপুরের শিক্ষাব্যবস্থার বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, জেলার আটটি উপজেলায় মাত্র দুজন সহকারী শিক্ষা কর্মকর্তা দিয়ে কীভাবে কার্যক্রম পরিচালিত হচ্ছে? এ বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
পাসপোর্ট অফিসে মানুষের ভোগান্তির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, পাসপোর্ট সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয়। কর্মকর্তাদের যোগসাজশে দালালদের মাধ্যমে মানুষকে ভোগান্তিতে ফেলার অভিযোগ খতিয়ে দেখতে হবে। বিদেশগামীদের তিন দিনের প্রশিক্ষণ নিয়ে যেন অযথা ভোগান্তি পোহাতে না হয়, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
হুইপ আরো বলেন, এটা তারেক রহমানের সরকার। সরকারের নীতিমালার বাইরে আমরা কেউ কিছু করতে পারব না। সরকারের নীতিমালা অনুযায়ীই সবাইকে দায়িত্ব পালন করতে হবে।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা নিজে উপস্থিত না হয়ে প্রতিনিধি পাঠানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এটি জেলা পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা। সংশ্লিষ্ট দপ্তর প্রধানদের সরাসরি উপস্থিত থেকে নিজেদের কার্যক্রম ও সমস্যাগুলো তুলে ধরা প্রয়োজন।
সভায় আরো বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধান ও কর্মকর্তাবৃন্দ।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

