চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ জোরারগঞ্জ-আবুরহাট সড়কের উন্নয়নকাজ অবশেষে শুরু হয়েছে। আমার দেশ অনলাইনে ১০ সেপ্টেম্বর ‘শেষ হয় না জোরারগঞ্জ–আবুরহাট সড়কের কাজ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের তৎপরতায় ঠিকাদারি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সড়কের কাজ শুরু করে। বর্তমানে সড়কের দুই পাশে ইজিং ও রোলার দিয়ে সড়ক সমান করার কাজ চলছে।
জানা যায়, ২০২১ সালে সড়কটির উন্নয়নকাজ শুরু হলেও নানা আইনি ও প্রশাসনিক জটিলতায় প্রায় পাঁচ বছর ধরে নির্মাণকাজ থমকে ছিল। একাধিকবার ঠিকাদার পরিবর্তন এবং কাজের মেয়াদ বাড়ালেও সড়কটির কাজ ঝুলে থাকায় প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, ব্যবসায়ী ও যানবাহন চালকরা।
স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম বলেন, আমার দেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পরেই কর্তৃপক্ষের টনক নড়েছে। দীর্ঘদিন পর আবার সড়কের কাজ চালু হতে দেখে ভালো লাগছে। এখন আমাদের একটাই আশা—এবার যেন কাজটির সমাপ্তি ঘটে।
একই অনুভূতি প্রকাশ করে তেমুহানী মাদরাসার পরিচালক মাওলানা জমির উদ্দিন জানান, দীর্ঘ অপেক্ষার পর সড়কের কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তবে এবার যেন মাঝপথে আবার কাজ বন্ধ না হয় এবং মানসম্মতভাবে পুরো সড়ক চলাচলের উপযোগী করা হয়—এটাই তাদের দাবি।
সংশ্লিষ্ট ঠিকাদার জানান, জোরারগঞ্জ-আবুরহাট সড়কটি বিটুমিন ঢালাইয়ের (পিচ কার্পেটিং) জন্য পুরোপুরি প্রস্তুত করা হচ্ছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় বর্ষায় সড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তবে এরই মধ্যে মাটির সাবগ্রেড প্রস্তুত, খোয়া ও বালুর স্তর বিন্যাস এবং রোলার দিয়ে শক্ত ভিত্তি (বেস কোর্স) তৈরির কাজ সফলভাবে শেষ হয়েছে। ধুলাবালি পরিষ্কার করে প্রাইম কোট বা লিকুইড বিটুমিন স্প্রে শেষ হলেই যেকোনো দিন মূল পিচ ঢালাই শুরু হবে।
এ বিষয়ে উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী ইমাম হোসেন বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বারবার যোগাযোগ ও সমন্বয় করেছি। অবশেষে ঠিকাদার কাজ শুরু করেছেন। আশা করছি, এবার দ্রুততম সময়ে কাজ শেষ করে জনগণের দীর্ঘদিনের কষ্ট দূর করা সম্ভব হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

