চট্টগ্রামে এনসিপির পদযাত্রা ঘিরে বাড়তি নিরাপত্তা

চট্টগ্রামে এনসিপির পদযাত্রা ঘিরে বাড়তি নিরাপত্তা

গোপালগঞ্জে হামলা, কক্সবাজারের চকরিয়ায় সভামঞ্চ ভাঙচুরের পর রোববার বিকেলে চট্টগ্রামের পদযাত্রা ও সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থাগ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। চট্টগ্রামের বহদ্দারহাট থেকে শুরু করে মুরাদপুর, চকবাজার, নিউমার্কেট, আগ্রাবাদ হালিশহরসহ নগরীর প্রধান প্রধান সড়কে পদযাত্রা শেষে দুই নম্বর গেইটে সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

এনসিপির পদযাত্রা ও সমাবেশ ঘিরে বাড়তি প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এনসিপি নেতাদের থাকার হোটেলসহ সমাবেশ স্থল ও পদযাত্রার রুট নির্বিঘ্ন করতে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

সিএমপির মুখপাত্র মাহমুদা বেগম জানান, যে হোটেলে তারা থাকবেন সেখানে ও সমাবেশ স্থলের মঞ্চ এলাকায় সুইপিং করা হয়েছে। এছাড়া গোপালগঞ্জ ও কক্সবাজারের চকরিয়ায় ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে চট্টগ্রামে না ঘটে সে ব্যাপারে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। গুরুত্বপুর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন থাকবে বাড়তি পুলিশ।

কক্সবাজার, বান্দরবানের পদযাত্রা শেষে রাতেই চট্টগ্রামে আসেন এনসিপি নেতারা। হোটেল সৈকতে রাত্রীযাপন শেষে রোববার সকালে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তারা সাক্ষাৎ করেন। এতে উপস্থিত ছিলেন শহীদ মাহবুবুল হাসান মাসুম, শহীদ ফয়সাল আহমেদ শান্ত, শহীদ ফরুক ও শহীদ শহীদুল ইসলামের পরিবারের সদস্যরা।

সাক্ষাৎ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের বিভিন্ন জায়গায় এখনও স্বৈরাচারের দোসররা সক্রিয়। শহীদ পরিবারগুলো অবহেলার শিকার। এনসিপি তাদের কল্যাণে ‘আহত-শহীদ সেল’ গঠন করেছে এবং জুলাইয়ের রাজনৈতিক যে ঘোষণাপত্র বা সনদ, সেটা আমরা সব সময় বলছি এবং ৩ আগস্টে সেটা নিয়ে আমরা ঢাকায় বড় প্রোগ্রাম করব। সরকার যাতে এটা দেয়। সরকারও বলছে ৫ আগস্টের মধ্যে দেবে।

সাক্ষাৎ শেষে নেতারা রাঙামাটির উদ্দেশ্যে রওয়ানা হন। রাঙামাটি পদযাত্রা ও সমাবেশ শেষে বিকেলে চট্টগ্রামের সমাবেশে যোগ দেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন