প্রধানমন্ত্রীর অপেক্ষায় ফেনীবাসী

প্রধানমন্ত্রীর অপেক্ষায় ফেনীবাসী

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী ফেনী সফরকে কেন্দ্র করে পরশুরাম ও ফুলগাজীসহ জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রিয় নেতাকে একনজর দেখতে ও অভিবাদন জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জেলার বিভিন্ন রুটের মোড়ে মোড়ে মানুষের ঢল নেমেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওয়ানা হয়েছেন প্রধানমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, দুপুরে তিনি ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক গুরুত্বপূর্ণ প্রকল্পের ফলক উন্মোচন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

একই সময়ে ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌর প্যানেল (রুফটপ সোলার) থেকে জাতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পরবর্তী কর্মসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার। এরপর দুপুর ২টায় তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় অবস্থান করবেন।

বেলা ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশেষ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। উক্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ করবেন। পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান করবেন।

দিনব্যাপী এসব রাষ্ট্রীয় কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ৯টার দিকে তাঁর রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন