আমার দেশ-এ প্রতিবেদন প্রকাশের পর মিরসরাইয়ে স্টেশন পরিদর্শনে রেল কর্মকর্তারা

আমার দেশ-এ প্রতিবেদন প্রকাশের পর মিরসরাইয়ে স্টেশন পরিদর্শনে রেল কর্মকর্তারা

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দীর্ঘদিনের দাবির বিষয়ে আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর চিনকী আস্তানা রেলস্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে সরকারি রেল পরিদর্শক (জিআইবিআর) কর্তৃক পরিচালিত সাধারণ পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তারা স্টেশনটি পরিদর্শন করেন। এ সময় কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

চিনকী আস্তানা স্টেশন পরিদর্শনের ফলে স্থানীয়রা জানান, দীর্ঘদিনের দাবিটি আমার দেশ পত্রিকায় প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে। এবার বাস্তবায়ন হোক তাদের দাবি।

এর আগে মিরসরাইয়ে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকা এবং অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনার বিষয়টি তুলে ধরে ‘ আমার দেশ’ অনলাইনে গত ২ সেপ্টেম্বর এবং ৪ সেপ্টেম্বর প্রিন্ট সংস্করণে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, মিরসরাই অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল হলেও এখানে কোনো আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। উপজেলার বুক চিরে রেললাইন চলে গেলেও পাঁচটি স্টেশনের মধ্যে কয়েকটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। চালু থাকা চিনকী আস্তানা স্টেশনে লোকাল ও মেইল ট্রেনের যাত্রাবিরতি থাকলেও আন্তঃনগর ট্রেন থামে না।

সংবাদ প্রকাশের ২০ দিনের মাথায় বৃহস্পতিবার চিনকী আস্তানা স্টেশন পরিদর্শনে আসে রেলওয়ের একটি উচ্চপর্যায়ের দল। বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম-চিনকী আস্তানা সেকশনে সরকারি রেল পরিদর্শকের সাধারণ পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রশাসন-১ অধিশাখা), উপ-সচিব (প্রশাসন-৫ শাখা), চট্টগ্রামের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম)সহ সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তা ও সহকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মিরসরাইয়ে চিনকী আস্তানা, নিজামপুর, বড়তাকিয়া, মিরসরাই ও মস্তাননগর—এই পাঁচটি রেলস্টেশন রয়েছে। এর মধ্যে চিনকী আস্তানা চালু থাকলেও বাকি কয়েকটি স্টেশনের কার্যক্রম দীর্ঘদিন ধরে সীমিত বা বন্ধ রয়েছে। অথচ মিরসরাইয়ের ওপর দিয়ে কুমিরা–ফেনীর প্রায় ৬৬ কিলোমিটার রেলপথের একটি বড় অংশ চলে গেছে।

মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল, শিল্পকারখানা, ব্যবসা-বাণিজ্য ও পর্যটনের পরিধি দিন দিন বাড়ছে। খৈয়াছড়া, রূপসী, সহস্রধারা, মহামায়া লেক ও আরশিনগর ফিউচার পার্কসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে দেশের বিভিন্ন এলাকা থেকে পর্যটক আসছেন। পাশাপাশি জাতীয় অর্থনৈতিক অঞ্চলে কর্মরত মানুষের সংখ্যাও বাড়ছে। ফলে এ অঞ্চলে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির প্রয়োজনীয়তা আরও বেড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, মিরসরাই অর্থনৈতিক ও পর্যটন—দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ হয়ে উঠলেও আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় যাত্রীদের চট্টগ্রাম বা ফেনী গিয়ে ট্রেনে উঠতে হয়। চিনকী আস্তানা স্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হলে মিরসরাইয়ের পাশাপাশি আশপাশের এলাকার মানুষও রেলসেবার সুবিধা পাবেন।

চিনকী আস্তানা স্টেশন পরিদর্শনের সময় কর্মকর্তারা স্থানীয়দের সঙ্গে কথা বলায় দীর্ঘদিনের দাবিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এসেছে বলে মনে করছেন স্থানীয়রা।

তাদের দাবি, মিরসরাইয়ের অর্থনৈতিক গুরুত্ব, পর্যটন সম্ভাবনা ও ক্রমবর্ধমান যাত্রীচাহিদা বিবেচনায় নিয়ে অন্তত চিনকী আস্তানা স্টেশনে আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করা হোক। একই সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা স্টেশনগুলোও চালুর উদ্যোগ নেওয়া হোক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন