খাগড়াছড়ির রামগড়ের বাটনাশিবির, তৈসাগাড়া থানাচন্দ্র পাড়া ও লালছড়ি এলাকায় পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের মদতে বহিরাগত উপজাতিরা বাঙালিদের রেকর্ডভুক্ত ভূমি জোরপূর্বক দখলের অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটি।
মঙ্গলবার খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী বাঙালি পরিবারগুলোর রেকর্ডীয় জমি দখলের চেষ্টা চলছে। এতে গুচ্ছ গ্রামবাসীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্ক বিরাজ করছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, মো. ইউনূস। এতে, ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের প্রত্যক্ষ মদতে বহিরাগত উপজাতিদের মাধ্যমে এসব ভূমি দখলের অভিযোগ করেন। এতে ৪০০ শতাধিক বাঙালি পরিবার তাদের বসতভিটা ও কৃষিজমি হারানোর আশঙ্কায় রয়েছে এবং অস্ত্রধারীদের ভয়ে ওই এলাকাগুলোতে যেতে পারছেন না।
সংবাদ সম্মেলনে গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে বাটনাশিবির, তৈসাগাড়া থানাচন্দ্র পাড়া ও লালছড়ি এলাকায় অবিলম্বে সেনাক্যাম্প স্থাপন করে গুচ্ছগ্রামবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভূমি দখলের চেষ্টা বন্ধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করা হয়।
সংবাদ সম্মেলনে গুচ্ছগ্রামের বাসিন্দা সাহেব উল্লাহ, আবু আহম্মদ, নবী মেম্বার, মো. জাফর উল্লাহ, মকবুল আহমদ, মনোয়ারা বেগমসহ গুচ্ছগ্রাম ভূমি রক্ষা কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে একই দাবিতে রামগড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে ক্ষতিগ্রস্ত গুচ্ছগ্রামবাসী।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

