সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সক্ষমতা নিয়ে যে শঙ্কা রয়েছে, তা দূর করার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ও সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার সকালে নগরীর জিইসি মোড়ের একটি অভিজাত হোটেলে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভায় তিনি বলেন, দেশের মানুষ ভোটাধিকার নিশ্চিত হতে চায়। নির্বাচন কমিশনকে এখন প্রমাণ করতে হবে যে তারা পারে একটি সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের ওপর এখন আস্থাহীনতা তৈরি হয়েছে। সেই আস্থা ফিরিয়ে আনা জরুরি। অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া রাষ্ট্র–সমাজের স্থিতি ফিরবে না।
সভায় অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি। তারা দুর্নীতি, নারী নির্যাতন, দখলবাজি, চাঁদাবাজি, স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি, বিচারহীনতা-এসব সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে রাজনৈতিক আচরণ, সামাজিক মূল্যবোধ ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রয়োজনীয়তার কথা বলেন।
পরামর্শ সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের চট্টগ্রাম আমির মোহাম্মদ শাহজাহান, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক সিকান্দর খানসহ বিভিন্ন পেশার মানুষ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

