ফেনীর দাগনভূঞায় পৌরকর অস্বাভাবিক হারে বাড়ানোর প্রতিবাদে বৃষ্টির মধ্যে মানববন্ধন করেছেন পৌরসভার নাগরিকেরা। মঙ্গলবার বেলা ১১টায় দাগনভূঞা জিরো পয়েন্ট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পৌরসভার নতুন কর নির্ধারণে কোনো কোনো ক্ষেত্রে ৫০ থেকে ১০০ গুণ পর্যন্ত পৌরকর বাড়ানো অভিযোগ তুলে নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। বৃষ্টি উপেক্ষা করে পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও ব্যবসায়ীরা কর্মসূচিতে অংশ নেন।
পৌরসভার বাসিন্দা ও ব্যবসায়ী ইসমাইল হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন পৌরসভার বাসিন্দা ও ব্যবসায়ী কামাল উদ্দিন, বেলায়েত হোসেন, ফুটন আহমেদ, দেলোয়ার হোসেন ও মারজাহান আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, নাগরিক সেবা কাঙ্ক্ষিত মাত্রায় না বাড়লেও পৌরকর অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে। এতে সাধারণ নাগরিক ও ব্যবসায়ীদের ওপর বাড়তি আর্থিক চাপ তৈরি হয়েছে। আয় ও আর্থিক সক্ষমতা বিবেচনা না করে এভাবে কর বাড়ানো হলে পৌরবাসীর দুর্ভোগ আরও বাড়বে।
বক্তারা অবিলম্বে অস্বাভাবিক পৌরকর বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নাগরিকদের ওপর থেকে বাড়তি করের বোঝা কমানোর দাবি জানান।
এ সময় পৌরসভা এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

