উদ্বোধনের পর ছয় বছরেও চালু হয়নি বান্দরবানের লামা উপজেলার দুর্গম সরই ইউনিয়নের ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি । এতে কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি এলাকাবাসীর কোনো কাজে আসছে না।
বর্ণাঢ্য আয়োজনে রঙিন ফিতা কেটে উদ্বোধন করা হয়েছিল বান্দরবানের লামা উপজেলার দুর্গম সরই ইউনিয়নের ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। পাহাড়ের প্রান্তিক জনপদের মানুষের মনে সেদিন আশার আলো জেগেছিল-এবার ঘরের কাছেই মিলবে নিরাপদ প্রসবসেবা ও নবজাতকের জরুরি চিকিৎসা। কিন্তু উদ্বোধনের পর কেটে গেছে দীর্ঘ ছয়টি বছর। জনবল নিয়োগ না হওয়ায়, কোটি টাকা ব্যয়ে নির্মিত আধুনিক এই সরকারি অবকাঠামোটি এখন আগাছা, লতাপাতা আর ধুলোবালির দখলে। চোখের সামনে হাসপাতাল দাঁড়িয়ে থাকলেও ন্যূনতম চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো পাহাড়ি ও বাঙালি বাসিন্দা।
সরেজমিনে দেখা যায়, সরই ইউনিয়নে নির্মিত কোটি টাকার আধুনিক হাসপাতাল ভবনটি যেন এখন এক ভূতুড়ে বাড়ি। মূল ফটকসহ প্রতিটি কক্ষে ঝুলছে ভারী তালা। নেই কোনো চিকিৎসক, নার্স বা স্বাস্থ্যকর্মী। নেই কোনো ওষুধপত্রও। অযত্ন আর অবহেলায় ভবনের দেয়ালে ফাটল ধরতে শুরু করেছে। নষ্ট হচ্ছে মূল্যবান আসবাবপত্র ও চিকিৎসাসরঞ্জাম। অথচ একসময় এই হাসপাতালকে ঘিরেই স্থানীয়দের স্বপ্ন ছিল-গর্ভবতী মা ও শিশুদের আর চিকিৎসার জন্য মাইলের পর মাইল দুর্গম পথ পাড়ি দিতে হবে না। সরই এলাকার অধিকাংশ মানুষই দিনমজুর ও প্রান্তিক কৃষক। জরুরি প্রসবকালীন জটিলতা বা সংকটাপন্ন নবজাতককে নিয়ে ভাঙাচোরা পাহাড়ি পথ পাড়ি দিয়ে পার্শ্ববর্তী চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা সদরে পৌঁছাতে তাদের কেটে যায় ঘণ্টার পর ঘণ্টা। এতে দরিদ্র পরিবারগুলোর যেমন আর্থিক ব্যয় বাড়ছে, তেমনি পথেই বাড়ছে প্রসূতি ও নবজাতকের প্রাণহানির শঙ্কা। চিকিৎসাবঞ্চিত স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ও হতাশা এখন চরমে। সরই বাজার এলাকার বাসিন্দা রহিম উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ছয় বছর আগে বড় অনুষ্ঠান করে হাসপাতালটি উদ্বোধন করা হলো। আমরা ভাবলাম আমাদের মা-বোনদের আর কষ্ট করতে হবে না। কিন্তু উদ্বোধনের পরদিন থেকেই যে তালা ঝুলেছে, তা আর খোলেনি।
এ বিষয়ে জানতে চাইলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের কনভেনার লুসাই মং বলেন, সরই ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির অবকাঠামো পুরোপুরি প্রস্তুত থাকলেও জনবল কাঠামোর অনুমোদন না হওয়ায় কার্যক্রম শুরু করা যাচ্ছে না। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। আশা করছি, দ্রুতই পদ সৃজন ও জনবল নিয়োগের মাধ্যমে কেন্দ্রটি চালু করা সম্ভব হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



