চট্টগ্রামে সমাবেশে-জুলাই ঐক্য

ভারতীয় আধিপত্যবাদকে ফিরিয়ে আনতে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে

ভারতীয় আধিপত্যবাদকে ফিরিয়ে আনতে ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র চলছে

পলাতক ফ্যাসিবাদী শক্তিকে ফিরিয়ে এনে দেশকে ফের ভারতীয় আধিপত্যবাদী শক্তির কলোনিতে পরিণত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন জুলাই ঐক্য সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

গণহত্যাকারীদের বিচার না করে ফ্যাসিবাদী শাসনব্যবস্থার সংস্কার না করে শুধু নির্বাচনের অজুহাত তুলে দেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ঠেলে দেওয়ার অপচেষ্টা চলছে। অবিলম্বে এসব ষড়যন্ত্র বন্ধ না হলে ফের রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা।

শুক্রবার বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করে জুলাই ঐক্য নামের সংগঠনটি। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে তারা।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরীর মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ, জুলাই ঐক্যের প্রধান সমন্বয়কারী আরবার হাসান রিয়াদ, রাশেদুল আলম, ইবনে হোসাইন জিয়াদ, জুবায়ের আলম মানিক।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে গোটা জাতির মধ্যে যে ঐক্য গড়ে উঠেছিল ভারতীয় ষড়যন্ত্রের অংশ হিসেবে নানান অজুহাতে তাতে ভাঙন ধরানোর অপচেষ্টা চালিয়ে যাচ্ছে একটি পক্ষ। আর ওই পক্ষ বড় বড় রাজনৈতিক দলগুলোকেও মাঝেমধ্যে বিভ্রান্ত করে তুলছেন।

এতে দেশে অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ তৈরি হচ্ছে। অবিলম্বে ষড়যন্ত্রকারীরা নিবৃত্ত না হলে জনগণ ফের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবে। ছাত্র-জনতা প্রয়োজনে ফের রক্ত দেবে কিন্তু ফ্যাসিবাদী শক্তি ও ভারতীয় আধিপত্যবাদকে আর এ দেশে ফিরে আসতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন