দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া পাঠানী পুলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. রিয়াদ (২০) ও রিগেন চক্রবর্তী (৩৫)। তারা অটোরিকশার যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় প্রণয় কর্মকার (২১) নামের আরো একজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে কক্সবাজারমুখী স্বাধীন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা নম্বরবিহীন সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

