কুমিল্লায় এক ব্যতিক্রমী বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোড়ন। কারণ, বিয়ের উপহার হিসেবে বর পেয়েছেন ব্রাজিলের জার্সি আর কনে পেয়েছেন আর্জেন্টিনার জার্সি। মুহূর্তেই সেই দৃশ্য হয়ে ওঠে আলোচনার কেন্দ্রবিন্দু।
মুরাদনগর উপজেলার বিল্লাল হোসেন বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন একই জেলার হোমনা উপজেলার মাধবপুর গ্রামের রুবাইয়াত জাহান ফাইজার সঙ্গে। পেশাগত জীবনে বর বিল্লাল হোসেন ডেইলি সানের কুমিল্লা প্রতিনিধি এবং কুমিল্লার জমিনের স্টাফ রিপোর্টার।
বরের সহকর্মী আমার দেশের কুমিল্লা প্রতিনিধি এম. হাসান বরের হাতে তুলে দেন ব্রাজিলের জার্সি। আর কনের জন্য ছিল আর্জেন্টিনার জার্সি। উপহার হাতে নিয়েই হাসিতে ভরে ওঠে বর-কনের মুখ। আর উপস্থিত অতিথিরা মেতে ওঠেন মজার তর্কে বিশ্বকাপের মুকুট কি উঠবে ব্রাজিলের মাথায়, নাকি আর্জেন্টিনার?
এক মুহূর্তের জন্য মনে হলো, বিয়ের আসর আর বিয়ের আসর নেই এ যেন ফুটবলবিশ্বের ক্ষুদ্র সংস্করণ। এক পাশে সাম্বার ছন্দ, অন্য পাশে ট্যাঙ্গোর আবেগ। কোথাও নেই বিভেদ, আছে শুধু ফুটবলের উন্মাদনা।
মেসি কি শেষবারের মতো জাদু ছড়াবেন? এমবাপ্পে কি গড়বেন নতুন সাম্রাজ্য? ব্রাজিল কি কাটাবে দীর্ঘ অপেক্ষার অবসান? নাকি জন্ম নেবে এক নতুন বিস্ময়ের গল্প?
কুমিল্লার এই বিয়ে প্রমাণ করে দিল, বিশ্বকাপের আসল সৌন্দর্য শুধু মাঠে নয়, মানুষের হৃদয়েও। যেখানে এক টুকরো জার্সি হয়ে ওঠে ভালোবাসার উপহার, আর ফুটবল হয়ে ওঠে আনন্দ, আবেগ ও বন্ধুত্বের সবচেয়ে সুন্দর ভাষা।
এ সময় উপস্থিত ছিলেন এখন টিভির ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, বাসস কুমিল্লা উত্তর প্রতিনিধি কামরুল হাসান, আকাশ টিভি সম্পাদক মহিউদ্দিন আকাশ, সাইফ উদ্দিন, আব্দুর রহিম ।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

