কচুয়ায় বসতঘরে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

কচুয়ায় বসতঘরে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা

চাঁদপুরের কচুয়ায় বসতঘরে ঢুকে মমতাজ বেগম নামের এক বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

বুধবার রাতে উপজেলার ১১ নম্বর গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী গ্রামের প্রধানীয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। বৃদ্ধা মমতাজ বেগম চাপাতলি গ্রামের বাচ্চু কোম্পানির স্ত্রী।

মমতাজ বেগমের ছেলে সোহেল প্রধান জানান, বুধবার রাত ১১টার দিকে তিনি বাড়িতে গিয়ে তার মাকে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে ঘরে খুঁজতে থাকেন। এ সময় বাসার স্টিলের আলমারিসহ আসবাবপত্র খোলা এবং এলোমেলো অবস্থায় দেখতে পান তিনি। এক পর্যায়ে মায়ের রুমে রক্ত মাখা বালিশ দেখতে পেয়ে পুলিশ ও আত্মীয়-স্বজনদের খবর দেন তিনি। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশে ঝোপের মধ্যে তার মায়ের মরদেহ খুঁজে পান। তিনি দাবি করেন, দুর্বৃত্তরা তার সাড়ে ৪ লাখ টাকা এবং ১৫ ভরি স্বর্ণের গহনা নিয়ে গেছে।

এলাকাবাসী বলছেন, মহিলা রাতে বসতঘরে একা ছিলেন। তার ছেলে সোহেল রাতে বাসায় এসে তার মাকে খুঁজে পায়নি। বাসার দরজা খোলা ও বসতঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল। পরে রাতে খোাঁজখুজির পর রান্নাঘরের পাশে পাতার স্তুপে ঢেকে রাখা ওই নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী। তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল।

স্থানীয় বাসিন্দা মিলন হোসেন বলেন, ঘরে একটি বটি দা রক্তাক্ত এবং প্রতিটি কক্ষে ও বাহিরে রক্ত পড়ে ছিল। তিনি বাসায় একা ছিলেন। বাথরুমের ভেন্টিলেটর ভেঙ্গে দুবৃত্তরা ঘরে প্রবেশ করে।

এ বিষয়ে কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বসতঘরে প্রবেশ করে ওই মহিলাকে হত্যা করেছে। পরে বাড়ির পাশে ময়লার ঝোপে লাশ রেখে চলে যায়। তার নাক দিয়ে রক্ত পড়ছে। শরীরে তেমন আঘাত নেই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন