দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সব সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরী।
শনিবার সন্ধ্যায় বান্দরবান প্রেস ক্লাবে লিফট উদ্বোধন ও একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পাহাড়ি ও সমতলের জনগোষ্ঠীর পারস্পরিক শান্তিপূর্ণ সহাবস্থান এবং সুষম উন্নয়ন নিশ্চিত করা গেলে পার্বত্য অঞ্চলে আবারও গতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব।
তিনি বলেন, সমতলের ৯০ শতাংশ এবং পাহাড়ি অঞ্চলের ১০ শতাংশ জনগোষ্ঠীর চিন্তা, চেতনা ও বিশ্বাসকে ধারণ করে সবাইকে একসঙ্গে এগিয়ে যেতে হবে। পাহাড়ের ১১টি ক্ষুদ্র জাতিসত্তার পাশাপাশি বাঙালি মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও বড়ুয়াসহ মোট ১৪টি জাতিগোষ্ঠীর বৈচিত্র্যময় সহাবস্থানই এ অঞ্চলের মূল শক্তি বলে উল্লেখ করেন তিনি।
দেশের লাল-সবুজ পতাকাকে অন্তরে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খলভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সাচিং প্রু জেরী বলেন, জাতীয় উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে পার্বত্য অঞ্চলকেও এগিয়ে নিতে হবে। পিছিয়ে থাকা খাতগুলোতে দ্রুত উন্নয়ন নিশ্চিত করে সেগুলোকে দেশের মূলধারার সমপর্যায়ে নিয়ে আসা এখন প্রধান লক্ষ্য হওয়া উচিত।
সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, কোনো একক ব্যক্তি, রাজনৈতিক দল, রাষ্ট্রপ্রধান কিংবা প্রশাসনিক কর্মকর্তার পক্ষে রাতারাতি এ অঞ্চলের পরিবর্তন সম্ভব নয়। এর জন্য প্রয়োজন সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা।
ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে ধাপে ধাপে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথে এগোলে পার্বত্য অঞ্চলে দীর্ঘমেয়াদি শান্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মা ম্যা চিং, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক ও অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান।
এ সময় জেলা পরিষদের সদস্য আবদুল মাবুদ, জসীমউদ্দীন ও চনু মং মারমা এবং বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

