পূজার আগেই জামায়াতের নতুন ঘর উপহার পেল অসহায় হিন্দু পরিবার

পূজার আগেই জামায়াতের নতুন ঘর উপহার পেল অসহায় হিন্দু পরিবার
গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের অসহায় হিন্দু পরিবারকে জামায়াতের নতুন ঘর উপহার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের দক্ষিণ শ্রীপুর গ্রামের অসহায় হিন্দু পরিবারকে শারদীয় দুর্গাপূজার আগেই নতুন ঘর উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। প্রয়াত দুলাল চন্দ্র শীলের পরিবারকে ‘সম্প্রীতির বন্ধন’ হিসেবে দেওয়া এ ঘরের উদ্বোধন করেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. মঞ্জুর আহমেদ সাকি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার ঘর হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুণবতী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন লিটন, ফেনী শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি কফিল উদ্দিন, গুণবতী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আহমেদ হোসেন হেলাল, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ইউসুফ পলাশসহ স্থানীয় জামায়াতের অন্যান্য নেতা।

জানা গেছে, দুলাল চন্দ্র শীল তিন মেয়ে সন্তানের জনক ছিলেন। সাত-আট বছর আগে স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। এরপর থেকে পরিবারটি অসহায় অবস্থায় দিন কাটাচ্ছিল। এমন পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আগে নতুন ঘর উপহার পেয়ে আনন্দিত পরিবারের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল চন্দ্র শীলের পরিবারের পাশে বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্থানীয় জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় এবার দুর্গাপূজার আগে পরিবারটির জন্য নতুন ঘরের ব্যবস্থা করা হয়।

নতুন ঘর পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার নিদর্শন হিসেবে এ উদ্যোগকে দেখছেন সংশ্লিষ্টরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন