পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর পৌরসভার নাগরিক সেবা ও দৃশ্যমান উন্নয়নমূলক কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
এসময় তিনি বলেন, পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উদাসীনতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। সুযোগ থাকা সত্ত্বেও উন্নয়নমূলক কাজ, জলাশয় সংস্কার, পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণ এবং রাস্তা সংস্কারের মতো প্রয়োজনীয় কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে না। “এসবের কোনো দৃশ্য আমার চোখে পড়েনি,” বলেন তিনি।
পানিসম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে বলেন, “একমাসের মাথায় আমরা চন্দ্রগঞ্জ উপজেলা পেয়েছি। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে চন্দ্রগঞ্জ উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধন করা হবে।”
তিনি আরও বলেন, লক্ষ্মীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন ছিল রেললাইন। আশা করা যায়, অচিরেই সেই স্বপ্ন বাস্তবে রূপ নেবে। এছাড়া নার্সিং ইনস্টিটিউট ও মেডিকেল কলেজের অনুমোদন হয়েছে এবং জেলাবাসী একটি বিশ্ববিদ্যালয়ও পেতে যাচ্ছে।
জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এ. কে. এম. হুমায়ুন কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর জেড এম ফারুকী, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, টুমচর মাদরাসার সাবেক অধ্যক্ষ হারুন আল মাদানী এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

