কুমিল্লা-চাঁদপুর সড়কে মাইক্রোবাস-সিএনজি-অটোরিকশা ত্রিমুখী সংঘর্ষে আফসানা আক্তার রিপা (১৯) নামে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও পাঁচজন।
সোমবার রাত ৮টার দিকে ওই কলেজ ছাত্রী চিকিৎসারত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে দুপুরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্র সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
লাকসাম ক্রসিং হাইওয়ে থানার ওসি মোবারক হোসেন জানান, ত্রিমুখী সংঘর্ষের ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় ওই কলেজ ছাত্রীসহ আহত ৬ জনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতে কর্তব্যরত চিকিৎসক কলেজ ছাত্রী আফসানাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কলেজ ছাত্রী আফসানার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
নিহত রিপা লালমাই সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং ওই উপজেলার শিবপুর গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

