চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক এলাকায় সিডিএর জায়গা দখল করে নির্মিত এস আলমের স্টিল ও ইস্পাত কারখানার সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সোমবার দুপুর ১২টা থেকে দুই ঘণ্টাব্যাপী এই উচ্ছেদ অভিযান চলে। অভিযানে এস আলমের কারখানার প্রায় তিনশ মিটার সীমানা প্রাচীর গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় সিডিএর জায়গা দখল করে স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নানের মার্কেটের প্রায় বিশটি দোকান উচ্ছেদ করে সিডিএ।
সিডিএর ম্যাজিস্ট্রেট হামিমুন তানজীমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় সিডিএর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপুলসংখ্যক পুলিশ সদস্য উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন।
সিডিএর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ হাসান জানান, সিডিএর জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করার কারণে দখলদারদের বারবার সতর্ক করার পরও স্থাপনা সরিয়ে না নেওয়ায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ করা জায়গায় যাতে কেউ নতুন করে স্থাপনা নির্মাণ করতে না পারে, সেজন্য সিডিএ একটি প্রকল্প বাস্তবায়ন করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

